থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা

সময় ট্রিবিউন | ৯ মে ২০২৬, ০৩:২৬

ছবি - সংগৃহীত

চারদিনের টানটান উত্তেজনা, রাজনৈতিক দর-কষাকষি আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার করলেন থালাপতি বিজয়। শুক্রবার প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থন নিশ্চিত করার খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।

জানা গেছে, সরকার গঠনের দাবি জানাতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজ্যপাল আরভি আরলেকার–এর সঙ্গে দেখা করবেন বিজয়। তবে এই মুহূর্তের পেছনে রয়েছে কয়েকদিনের নাটকীয় রাজনৈতিক সমীকরণ।

৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধাক্কা খায় দীর্ঘদিনের দুই প্রধান শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে। রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে একাই জিতে নেয় ১০৮টি আসন। ফল ঘোষণার পরই বিজয়ের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন না থাকায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

রাজ্যপালের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া হবে না। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দফা বৈঠকের পরও রাজ্যপাল নিজের অবস্থানে অনড় থাকেন। বৃহস্পতিবার তিনি বিজয়কে সরাসরি জানান, সরকার গঠন করতে হলে অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন।

সে সময় বিজয়ের হাতে নিজের দল ছাড়া আরও ১০৭ জন বিধায়কের সমর্থন ছিল। তবে শুক্রবারের সর্বশেষ রাজনৈতিক সমীকরণে সেই কাঙ্ক্ষিত ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়ে ফেলতে সক্ষম হন তিনি।

সরকার গঠন ঘিরে উত্তেজনার মধ্যেই টিভিকে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিল। দলটির পক্ষ থেকে ঘোষণা করা হয়, যদি ডিএমকে বা এআইএডিএমকে অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে, তাহলে টিভিকের ১০৮ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।

এদিকে শুক্রবার বিজয়ের জন্য বড় স্বস্তির খবর আসে বাম শিবির থেকে। সিপিআই আনুষ্ঠানিকভাবে টিভিকেকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেয়। দলটির বিধানসভায় দুইজন সদস্য রয়েছেন। অন্যদিকে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম এ বেবি জানান, তাঁর দল সিপিএম, সিপিআই ও ভিসিক মিলিয়ে মোট ছয়জন বিধায়ক বিজয়কে সমর্থন দিচ্ছেন।

সব মিলিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় এখন তামিলনাড়ুর নতুন রাজনৈতিক অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে। দক্ষিণ ভারতের রাজনীতিতে তাঁর এই উত্থানকে ইতোমধ্যেই ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।



আপনার মূল্যবান মতামত দিন: