বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।
শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিনটিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিনের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ।
একই দিনে ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় এ মানদণ্ডের তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৮০ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাজার বিশ্লেষকদের মতে, গত ২৯ এপ্রিলের পর অপরিশোধিত তেলের দাম আর এত উচ্চ পর্যায়ে ওঠেনি। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।
সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। অন্যদিকে, একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
বিশ্লেষকদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব হামলার কারণে তেল উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কাও তৈরি হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ অঞ্চলে সরবরাহঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এদিকে, তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার ওয়াল স্ট্রিটে জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: