'বর্তমানে দেশে খাদ্য মজুত ১৬.২৭ লাখ মেট্রিক টন'

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ জুন ২০২৩, ০২:৫৪

সংগৃহীত ছবি

বর্তমানে দেশে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, খাদ্য মজুত বাড়াতে বর্তমান বোরো সংগ্রহ মৌসুমে চার লাখ মেট্রিক টন ধান ও ১২ দশমিক ৫০ মেট্রিক টন চালসহ চাল আকারে সর্বমোট ১৫ দশমিক ১০ লাখ মেট্রিন টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা এক লাখ মেট্রিন টন নির্ধারণ করা হয়েছে। অধিকতর খাদ্যনিরাপত্তা নিশ্চিতে চলতি অর্থবছরে এ পর্যন্ত (২৩ মে) ৬ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন চাল ও ৬ দশমিক ৮০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

এসময় মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোরণের ফলে ২০২৬ সালের পর থেকে ভারতে পণ্য রপ্তানিতে ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিধা পাবে না। এতে ভারতে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়টি বিবেচনা করে ভারতের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি এখনো নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে। সিইপিএ সই হলে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৯০ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জিডিপি ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে এক কোটি ২০ লাখ প্রবাসী কর্মরত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর