শিশু সচেতনতাই পারে দেশ-জাতিকে উপকৃত করতে: মসিক মেয়র টিটু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১৭ আগষ্ট ২০২২, ০৪:৪৩

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, স্কুল পর্যায়ে শিশুদের কোন বিষয়ে সচেতন করা হলে তার প্রভাব শিশুর সমগ্র জীবনে থেকে যায় এবং এর প্রতিফলন পড়ে পুরো সমাজে। স্বাস্থ্য, পরিবেশ, সামজিক দায়িত্ব, দেশাত্ববোধ সম্পর্কে শিশুদের যত বেশি সচেতন করা যাবে জাতি তত উপকৃত হবে।

মঙ্গলবার সকালে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সংক্রান্ত এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

সভায় উপস্থিত প্রধান শিক্ষকদের সপ্তাহে অন্তত একদিন পৃথকভাবে এসব বিষয়ে শিশুদের সচেতন করার জন্য অনুরোধ জানান মেয়র।

ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সম্পর্কে মেয়র বলেন, সুস্থ্য, স্বাস্থ্য সচেতন এবং দায়িত্বশীল প্রজন্ম গঠনে ক্ষুদে ডাক্তার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ কার্যক্রম গুরুত্বের সাথে বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, আগামী ২০ থেকে ২৬ আগস্ট ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল,জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, মসিকের টিকাদান সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর